
কিশোরগঞ্জের হোসেনপুরে সুবর্ণা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হোসেনপুর থানা-পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামের রউফ মিয়ার ছেলে মো: মাসুম মিয়ার সঙ্গে একই এলাকার মো: হেলাল মিয়ার মেয়ে সুবর্ণা আক্তারের বিয়ে হয়। গত কয়েক দিন আগে সুবর্ণা আক্তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সুবর্ণার বাবা মো: হেলাল মিয়া জানান, দীর্ঘদিন ধরে তার মেয়ে সুবর্ণা মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।







