সংক্ষিপ্ত সংবাদ

রাঙ্গাবালীতে বজ্রপাতে ১ জনের মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক মাঝি চরআণ্ডা গ্রামের মৃত জয়নাল মাঝির ছেলে। চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে গরু চরাতে ও প্লাস্টিকের বোতল-পট সংগ্রহ করতে সোনারচরে যান রফিক। গরুগুলো বনের মধ্যে ছেড়ে দিয়ে তিনি ছোট নৌকায় ফিরে আসেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে নৌকায় বসে চা পান করছিলেন তিনি। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দীর্ঘ দিন ধরে সোনারচরে গরু চরানোর পাশাপাশি প্লাস্টিকের বোতল ও পট সংগ্রহ করে বিক্রি করতেন রফিক মাঝি। পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা।

সংঘর্ষে নিহত ১, আহত ২৮
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে পূর্ববিরোধ ও প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রথম দফা সংঘর্ষ হয়। এর জের ধরে ১৭ সেপ্টেম্বর সকালে আবারো সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আহতদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শাহ আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সিটি কেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে এক পক্ষের সাথে চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান এবং অপর পক্ষের সাথে শ্রমিকদল নেতা লিগেল মিয়ার অনুসারীরা যুক্ত ছিলেন। খালিয়াজুরী থানার ওসি মো: নাসিরুদ্দিন জানান, দুই পক্ষের অভিযোগে দু’টি মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া 
হবে। খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা।

৩ হোটেল মালিককে জরিমানা
লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন হোটেল মালিককে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী জানান, নূরজাহান হোটেলের মালিক সাইফুল আলমকে পাঁচ লাখ টাকা, রাজমহল হোটেলের বিষ্ণু বণিককে চার লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলের মালিক নাজমা বেগমকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: ওমর ফারুক এ অর্থদণ্ড দেন। অভিযানে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, পচা-বাসি খাবার বিক্রি এবং নূরজাহান হোটেলে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তা। লক্ষ্মীপুর প্রতিনিধি।

ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মশালা
সিরাজগঞ্জের এনায়েতপুরের আজগড়ায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ডা: মো: তাজিনুর রহমান। প্রধান বক্তা ছিলেন ‘জব ফর ভেট’ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন ডা: আরশাদুল ইসলাম তমাল। এ সময় অনুষদের শিক্ষক ডা: জেসমিন সুলতানা, ডা: এম এম কামরুল হাসান তুহিন, এইচ এম আশিকুজ্জামান রানা, আরআরপি অ্যাগ্রোফার্মের ডা: মামুনুর রশীদ, ইয়োন ফার্মাসিউটিক্যালসের ডা: শাকিলুর রহমান ও আর্মি ফার্মার শামিম হোসেন বক্তব্য দেন। বক্তারা বলেন, ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের চাকরি ও পেশাগত জীবনের বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা দিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা।

জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবিতে মানববন্ধন
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশন ও কপ-৩১ সামনে রেখে বৈশ্বিক কর্মসূচির সাথে সংহতি জানিয়ে পাবনার চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
‘ধরিত্রী রক্ষায় আমরা, চলনবিল রক্ষায় আমরা ও ওয়াটার কিপার বাংলাদেশ’ আয়োজিত মানববন্ধনে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত রূপান্তরের দাবি জানানো হয়। চলনবিল রক্ষায় আমরা-এর আহ্বায়ক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ। বক্তব্য দেন- চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চিকনাই নদী রক্ষায় আমরা-এর সদস্যসচিব মো: খলিলুর রহমান, চিকিৎসক আলমগীর হোসেন সোহেল খান ও ইত্তেখার মাহমুদ। কর্মসূচি পরিচালনা করেন মো: জাহাঙ্গীর আলম। চাটমোহর (পাবনা) সংবাদদাতা।

অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হন। স্থানীয় লোকজনের পাশাপাশি কাঠালিয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের ফিরোজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে কসমেটিকস, ইলেকট্রনিকস, মুদি দোকান, অপটিক্যাল ফাইবারের অফিসসহ কয়েকটি গুদাম পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ঢেউটিন দেয়ার আশ্বাস দেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: খলিলুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঝালকাঠি প্রতিনিধি।

সড়কে গণহারে ছিনতাই, আহত ৪
নওগাঁর রানীনগরে সড়কে গণহারে ছিনতাইয়ের ঘটনায় চার পথচারী আহত হয়েছেন। ছিনতাইকারীরা অন্তত আটটি মোবাইল ফোন ও ২০-২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের ইসলামের ভিটা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনায় রাতে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী সুজন হোসেন জানান, তিনি তিন বন্ধুকে নিয়ে দু’টি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে সড়কের পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে গতি কমালে মুখোশধারী চার ছিনতাইকারী ছুরি ও রড নিয়ে তাদের মারধর শুরু করে এবং টাকা ও চারটি মোবাইল ছিনিয়ে নেয়। একইভাবে আরেকটি মোটরসাইকেলের তিন আরোহীকেও মারধর করে তিনটি ফোন ও টাকা নেয়া হয়। আহত ইউসুফকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রানীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, প্রায় আটজনের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। রানীনগর (নওগাঁ) সংবাদদাতা।