দাউদকান্দি বিশ্বরোডের ওপর ফুটওভার ব্রিজটি সংস্কারের দাবি

মোহাম্মদ হানিফ খান দাউদকান্দি (কুমিল্লা)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে পথচারী পারাপারের জন্য নির্মিত ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পাটাতনে গর্ত ও জং ধরায় সেটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফলে ফুটওভার ব্রিজ নয়, এখন পথচারীরা ব্যস্ত মহাসড়ক দিয়েই পারাপার হচ্ছে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি ও কুমিল্লাগামী পাবলিক পরিবহনসহ বিভিন্ন লোকাল পরিবহনের যাত্রীরা বিশ্বরোডের দক্ষিণ পাশে নামেন। সেখান থেকে প্রতিদিন হাজার হাজার পথচারী মহাসড়ক পার হয়ে দাউদকান্দি উপজেলা পরিষদ, থানা, পৌরসভা, বাজার, স্কুল-কলেজ ও মাদরাসায় যাতায়াত করেন। ফুটওভার ব্রিজটি ব্যবহার অনুপযোগী হওয়ায় অনেকেই বাধ্য হয়ে ঝুঁঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন। এতে প্রায়ই দুর্ঘটনায় হতাহত হওয়ার ঘটনা ঘটছে বলে স্থানীয়দের জানান।
ভুক্তভোগীরা জানান, ব্রিজটির বিভিন্ন অংশের পাটাতনে গর্ত সৃষ্টি হয়েছে এবং অনেক জায়গায় জং ধরেছে। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে এটি চলাচলের উপযোগী করা যায়।
দক্ষিণ পাশে আবিদনগরের বাসিন্দা সাবেক ক্রীড়া ব্যক্তিত্ব কামরুল হাসান গরীব, শিক্ষাবিদ মিজানুর রহমান মাস্টার, শ্রমজীবী ও সংগঠক নজরুল ইসলাম, জনপ্রতিনিধি হাবিবুর রহমান ও মাওলানা নজরুল ইসলাম ফয়েজী ফুটওভার ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানান।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন, মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ, হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এরশাদ হুসাইন ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দ্রুত মেরামতের ওপর গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, জনগণের দুর্ভোগ নিরসনে জনগুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজটির ক্ষতিগ্রস্ত পাটাতনগুলো দ্রুত মেরামত করা হবে।