যুবলীগের মিছিল
যুবলীগের মিছিল। নয়া দিগন্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর ঢাকার আশুলিয়ায় ঝটিকা মিছিল করেছে স্থানীয় যুবলীগ। মিছিল থেকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ‎পরে অভিযান চালিয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
‎
‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।

Advertisement

এর আগে, দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।
‎
‎গ্রেফতার তিনজন হলেন— আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধান ও আশুলিয়া থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ। গ্রেফতার অপর জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
‎
‎মিছিলের ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জুমার নামাজের পর আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের সৌজন্যে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রদত্ত রায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে মিছিলে বিভিন্ন সরকারবিরোধী ও দলীয় স্লোগান দেয়া হয়। মিছিলটি নরসিংহপুর থেকে শুরু হয়ে সরকার মার্কেটের দিকে এগোলে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
‎
তবে ‎‎পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত নয়। এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। তবে মিছিলের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
‎
‎আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।