গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ, (ডানে) উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ
গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ, (ডানে) উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ ছবি: নয়া দিগন্ত

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় সারের দাবিতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। সাড়ে চার ঘণ্টা পর অবরুদ্ধ কর্মকর্তাকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।

ওই বাজারে অবস্থিত ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারিজে আজ সকাল ৮টা থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার ভোর থেকে সার বিতরণ শুরু করে ৮টার আগেই শেষ করে। ৮টার সময় আসা কৃষকরা সার না পেয়ে কৃষি উপসহকারী করর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করেন। সেইসাথে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

বিক্ষুব্দ কৃষকের রোষানল থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামে পুলিশ পাহারায় রাখা হয়। পরে চার ঘণ্টা পর দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন এসে জনগণকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় পুলিশি নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে যান ইউএনও।

উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে ৭টায় বিতরণ শুরু করি। বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন  হয়েছে। বিতরণ শেষে কয়েক শত কৃষক এসে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) অর্পণ কুমার বলেন, সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়। তবে কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন জানান, সুষ্ঠুভাবে সার বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এ সময় কৃষকদের সার দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয় এবং বরাদ্দের জন্য চাহিদা পাঠানোর ব্যবস্থা নেয়া হয়।