ভেঙে যাওয়া কাঠের সাঁকো
ভেঙে যাওয়া কাঠের সাঁকো নয়া দিগন্ত

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীর উত্তর গড়ের আবাদ ও পূর্ব গজালিয়া এলাকার মধ্যবর্তী নদীর উপর নির্মিত একমাত্র কাঠের সাঁকোটি ভেঙে সেখানকার দু’টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কাঠের তক্তা ও খুঁটিগুলো দুর্বল হয়ে সাঁকোর বিভিন্ন অংশ ধসে ইতোমধ্যে নদীতে পতিত হয়েছে। তারপরও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছেন দুই গ্রামের হাজারো মানুষ। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সাঁকো পারাপারে সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

স্থানীয়রা জানান, সাঁকোটি ভেঙে পড়ায় উত্তর গড়ের আবাদ ও পূর্ব গজালিয়া গ্রামের শত শত শিক্ষার্থীসহ পথচারী ও বয়স্ক মানুষের যাতায়াত ব্যাপকভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে। এতে এই জনপদের মানুষের জীবন-জীবিকার অন্যতম মাধ্যম উৎপাদিত কৃষিজাত পণ্য ও মৎস্য পরিবহনে দুর্বিষহ দুর্ভোগে পড়তে হচ্ছে। ঝুকিপূর্ণ সাঁকোয় প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকে।

স্থানীয়দের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ সাঁকোয় চলাচলে যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দুর্গম পল্লীর সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জীর্ণ কাঠের সাঁকোর দ্রুত সংস্কার কিংবা পুননির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে ইতোমধ্যে তারা জেলা প্রশাসক বরাবর একটি আবেদনও জমা দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো: হুরায়রা বাদশা জানান, সেতুটি মেরামতের জন্য স্থানীয়দের সম্মিলিত স্বাক্ষরিত একটি আবেদন জেলা পরিষদসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।