
ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। কর্মসূচি সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
১১ দলীয় ঐক্যের উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) এই লংমার্চ অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, লংমার্চের গাড়িবহর দুপুর ১২টার দিকে হাটিকুমরুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পথসভা ও জোহরের নামাজের বিরতি দেয়া হবে।
এ উপলক্ষে হাটিকুমরুল ইন্টারচেঞ্জসংলগ্ন বগুড়া মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চে মাইক স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। কর্মসূচিকে ঘিরে এক দিনের জন্য বৈদ্যুতিক মিটারের ব্যবস্থাও করা হয়েছে বলে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন।
লংমার্চে অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনায় পানি সরবরাহ, শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া আগত মানুষের সুবিধার্থে প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম জানান, লংমার্চ উপলক্ষে তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাটিকুমরুল পথসভায় এক লাখ মানুষের সমাগম হতে পারে বলে তারা আশা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আগতদের সহযোগিতায় এক হাজার পাঁচ শত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, স্বেচ্ছাসেবীরা পানি সরবরাহসহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকবেন। পাশাপাশি প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।
এদিকে লংমার্চকে কেন্দ্র করে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা পুলিশের সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচির দিন হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গাড়িবহরের চলাচল, পথসভাস্থল, গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যান চলাচল স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেন, পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে। লংমার্চের দিন পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।







