বজ্রপাত, মৃত্যু
বজ্রপাতে মৃত্যু ছবি: প্রতিকী ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন। 

মৃত রফিক চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের মরুহম জয়নাল মাঝির ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে গরু চরাতে ও প্লাস্টিকজাত বোতল-পট সংগ্রহ করতে সোনারচরে যান রফিক। গরুগুলো বনের মধ্যে ছেড়ে দিয়ে তিনি ছোট নৌকায় ফিরে আসেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে নৌকায় বসে চা খাচ্ছিলেন তিনি। হঠাৎ বজ্রপাতে রফিক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানান, রফিক দীর্ঘদিন সোনারচরে গরু চরাতেন। পাশাপাশি সোনারচর ও আশপাশের এলাকা থেকে প্লাস্টিকজাত বোতল ও পট সংগ্রহ করে বিক্রি করতেন। ছোট নৌকাই ছিল তার চলাচলের অন্যতম মাধ্যম।