
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে গাঁজা বিক্রির অভিযোগে দুজন, জিআর সাজা ও পরোয়ানাভুক্ত চারজন এবং মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজন রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর দক্ষিণ চান্দলা ইউনিয়নের চান্দলা রামচন্দ্রপুর এলাকায় মন্দবাগ থেকে টানাব্রিজগামী সড়কে অভিযান চালায় পুলিশ। এসআই আল-আমিন ও এএসআই মো: কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো: রাকিব হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেন। তিনি বাল্লাক (রামচন্দ্রপুর) উত্তরপাড়ার কাউছার মিয়ার ছেলে।
একই রাতে আনুমানিক ১১টার দিকে ৪ নম্বর শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী রেলগেটের পূর্ব পাশে নারায়ণপুরগামী সড়কে অভিযান চালান এসআই ডিএমএ মজিদ ও এএসআই মো: নুর-আল-আহসান। এ সময় ৮ কেজি গাঁজাসহ মো: হোসেন মিয়া (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এদিকে বৃহস্পতিবার পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত মোসা: শিউলী আক্তারকে গ্রেফতার করেন এসআই ডি.এম.এ মজিদ। এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আরো তিন আসামি—মিটন চন্দ্র দাস (২৫), মোসা: পাখি আক্তার ওরফে শিউলি আক্তার (২৭) এবং মো: শরীফ হোসেন আকাশকে (৩২) গ্রেফতার করা হয়। তাদের যথাক্রমে এসআই রূপম কুমার সরকার, এএসআই মো: সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই লিংকন কুমার নাথ গ্রেফতার করেন।
অন্যদিকে এসআই মো: শামীম হোসেনের পরিচালনায় পৃথক অভিযানে ছাতীয়ানী গ্রামের হাবিবুর রহমানকে (৪০) মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা গাঁজাসহ গ্রেফতার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







