পানিতে ডুবে মৃত্যু
ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার রোহানের লাশ ছবি: প্রতিকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে চাচার সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৫ দিন পর এলাকাবাসী নদ থেকে উদ্ধার করেছে রোহানের অর্ধগলিত লাশ। 

রোহান উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মো: মনির হোসেনের ছেলে। 

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা নয়া দিগন্তকে জানান, গত ২৪ আগস্ট সকালে রোহান প্রতিবেশী চাচার সাথে বাহাদুরাবাদ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের দফাদার ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় (৭)। সে সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল। তারা দুই ধরে উদ্ধার অভিযান চালিয়ে রোহানকে উদ্ধার করতে না পেরে অভিযান স্থগিত করে চলে যায়। সেই থেকে দীর্ঘ ২৫ দিন ধরে রোহানের মা-বাবা, আত্মীয় স্বজন ও এলাকাবাসী ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ এলাকাজুড়ে খোঁজ করতে থাকে। কিন্তু তারা নিখোঁজ রোহানের কোনো সন্ধান পাননি। অবশেষে দীর্ঘ ২৫ দিন পর আজ দুপুরের দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দী নামাপাড়া এলাকার অসিমদ্দীনের দোকানের সামনে ব্রহ্মপুত্র নদের পানিতে রোহানের লাশ ভাসতে দেখা যায়। পরে এলাকাবাসী নিজেরাই ওই লাশ উদ্ধার করে পাড়ে তোলে। খবর পেয়ে মা-বাবা ও স্বজনরা এসে রোহানের লাশ শনাক্ত করে। 

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

উল্লেখ্য, ইতোপূর্বে রোহানের নিখোঁজ হওয়ার সচিত্র সংবাদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় একাধিকবার প্রকাশিত হয়েছে।