
মৌলভীবাজারে পঞ্চায়েত শালিস বিচারক মো: আজিজুল মিয়া (৪৫) হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড ও অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক ফাহমিদা খাতুন এই রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— জেলার রাজনগর উপজেলার মুনিয়ার পাড় গ্রামের সহোদর রুবেল মিয়া ও রুমান মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়া।
জানা যায়, হত্যার শিকার আজিজুল মিয়া ছিলেন পঞ্চায়েত শালিস বিচারক। ২০১৩ সালে একটি বিচার শালিসকে কেন্দ্র করে আসামি পক্ষ অসন্তুষ্ট হয়ে আজিজুল মিয়ার ওপর সঙ্ঘবদ্ধ হামলা চালিয়ে তাকে হত্যা করে। ঘটনার পর নিহতের স্ত্রী রাবেয়া বেগম রাজনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে একই গ্রামের রুবেল মিয়া ও রুমান মিয়াকে (দুই ভাই) মৃত্যুদণ্ড এবং এই অপরাধে সহায়তাকারী অপর দুই আসামি একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
মামলায় অপর চার আসামি একই গ্রামের স্বপন মিয়া, জহির মিয়া, কমরু মিয়া ও ফয়ছল মিয়া নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেন বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামিসহ (রুবেল মিয়া ও স্বপন মিয়া ছাড়া) অন্যরা উপস্থিত ছিলেন।
আসামি পক্ষের আইনজীবী ও স্বজনরা জানান, তারা উচ্চ আদালতে আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবী ও স্বজনরা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। আশা করছি উচ্চ আদালত এই রায় বহাল রাখবে।
মৌলভীবাজার জেলা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো: আব্দুল ওয়াহিদ এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রকৃত আসামিদের দণ্ড প্রদান করায় বাদী পক্ষসহ আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে। অপরাধীরা বুঝতে পারবে যে, অপরাধ করে আইনি সাজা থেকে রেহাই পাওয়া যায় না। আইনের শাসন প্রতিষ্ঠায় চাঞ্চল্যকর এই মামলার রায় কার্যকর ভূমিকা রাখবে। প্রত্যাশা করছি উচ্চ আদালত এই সাজা বহাল রাখবেন।







