পানিতে ডুবে মৃত্যু
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছবি: নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে নুসাইবা মনি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা (পশ্চিমপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত নুসাইবা মনি ওই গ্রামের শফিকুল ও শাপলা দম্পতির মেয়ে।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, খেলাধুলা করতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বসতবাড়ির পূর্ব পাশে থাকা সোবানের পুকুরের পানিতে পড়ে যায় শিশু নুসাইবা। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। নুসাইবার মৃত্যুর ঘটনায় এলাকায় ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নুসাইবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিদলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুহম্মদ কামরুজ্জামান কাঞ্চন।

‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল’ বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা: আনিকা তাবাসসুম।