
কুষ্টিয়া দুই উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা মাঠ ও দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দহকোলা মাঠে ধানক্ষেতে সার দেয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন কৃষক রওশন আলী (৫০)। এ সময় আরো দু’জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন।
নিহত কৃষক রওশন আলী দহকোলা এলাকার মরহুম মোসলেমের ছেলে।
অন্যদিকে, দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বিলের ধারে বসে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যান কৃষক আরোজ আলী (২৮)।
এছাড়া একই সময়ে সদর উপজেলার খাজানগর এলাকায় হাসান রাইস মিল নামের মিলের কারখানায় বজ্রপাতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।








