নৌকাবাইচ
১৫ বছর পর কুমার নদে ফিরছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ছবি: নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঐতিহ্যবাহী কুমার নদে দীর্ঘ ১৫ বছর পর আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামবাংলার চিরচেনা নৌকাবাইচ। হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে ঘিরে ইতোমধ্যে নদীর তীরে উৎসুক মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে ভাঙ্গাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ওমর খৈয়াম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

এ ছাড়া অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো: আইয়ুম মোল্লা, ফরিদপুরের পুলিশ সুপারসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, কৃষক দল ও মূল দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দীর্ঘ ১৫ বছর পর নৌকাবাইচ ফিরে আসায় ভাঙ্গার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকদের আশা, ঐতিহ্যবাহী এই আয়োজনকে কেন্দ্র করে কুমার নদে লাখো মানুষের সমাগম ঘটবে এবং হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির এক প্রাণবন্ত অধ্যায় আবারো ফিরে আসবে।