
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৪৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৮ বোতল ভারতীয় মদ। যার আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ১৪ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড় ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫০০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ৪৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ২ হাজার টাকা।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জামালপুর মাঠে অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। এ মাদকের আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরো জোরদার করা হবে।







