খুলনার মানচিত্র
খুলনার মানচিত্র ছবি: মানচিত্র

খুলনার কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলামপুর চৌরাস্তা মোড়সংলগ্ন গোপিরায়ের বেড় এলাকার মরহুম জামিল উদ্দিন সানার ছেলে। আহতরা হলেন পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের বিল্লাল গাজীর ছেলে মো: রায়হান গাজী, কাঠিপাড়া (বাঁকা) গ্রামের সন্দীপ মণ্ডলের ছেলে অন্তর মণ্ডল ও একই এলাকার আজিজ সরদারের ছেলে মো: হৃদয় হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার বাঁকা বাজার এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেলে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারীবাড়িতে অনুষ্ঠিত বৃক্ষ মেলা দেখতে যাচ্ছিলেন। তারা ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: সুজিত কুমার বৈদ্য বলেন, ‘হাসপাতালে আনার আগেই রফিকুলের মৃত্যু হয়েছে। এছাড়া আহত তিনজনকে চিকিৎসা দেয়া হয়েছে।’

কয়রা থানার ওসি মো: রাশেদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।