ভারতীয় পণ্য জব্দ
জব্দকৃত ভারতীয় পণ্য। নয়া দিগন্ত

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীনে সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় সোনাহাট, সংগ্রাম, বাংলাবাজার, বিছানাকান্দি এবং সোনালী চেলা বিওপি কর্তৃক চোরাচালানি অভিযান পরিচালনা করে জিরা, ফুচকা, গরু, চকলেট, শনপাপড়ী, সাবান, বিস্কুট, চিনি ও বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও নৌকা আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ ৭৭ হাজার টাকা। 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।‘