মাদককারবারি, নারী, গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ইয়াবা
ইয়াবাসহ নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে ছবি: নয়া দিগন্ত

নড়াইল সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ফাতেমা বেগম (৩০) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফাতেমা বাগডাঙ্গা গ্রামের সৈয়দ হোসেন আলীর স্ত্রী।

ডিএনসি সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ডিএনসির জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দীনের নেতৃত্বে উপজেলার বাগডাঙ্গা এলাকায় ফাতেমার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। 

ডিএনসি জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, ‘ফাতেমার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা নীল রঙের পলিথিনে মোড়ানো অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তারা স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন এলাকায় মাদককারবার করে আসছেন।’ 

তিনি আরো বলেন, ‘ফাতেমাকে আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা করা হয়েছে।’