
শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি কেনার টাকা ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভূঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় লিটন নামে আরো একজন আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার ভূঁইয়া ওই এলাকার সেকেন্দার ভূঁইয়ার ছেলে।
জানা গেছে, মানাখান এলাকায় একটি কবরস্থানের জমি কেনার টাকা ওঠানোকে কেন্দ্র করে একই এলাকার জয়দুল ঢালী ও আনোয়ার ভূইয়ার সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। বুধবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে জয়দুল ঢালী আনোয়ার ভূঁইয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে বলে অভিযোগ নিহতের স্বজনদের। এতে আনোয়ার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নেয়ার পথে আনোয়ারের মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার পর নিহতের স্বজনরা জয়দুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, জানতে পেরেছি কবরস্থানের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিষয় নিয়ে আদালতে একটি মামলা রয়েছে। আজকে হঠাৎ করে আনোয়ার ভূঁইয়াকে প্রতিপক্ষের জয়দুল ঢালী লাঠি দিয়ে মাথায় আঘাত করে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তিনি আরো বলেন, এ ব্যাপারে অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।







