সংক্ষিপ্ত সংবাদ

নেত্রকোনায় স্কুলছাত্রের আত্মহত্যা
নেত্রকোনা শহরের বলাইনগুয়া এলাকায় আবির (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সোয়া ১টার দিকে পৌর এলাকার সিভিল সার্জন কার্যালয়ের দক্ষিণ পাশে একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। আবির তেলিগাতী কারিগরি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং মোহনগঞ্জের তেঁতুলিয়া গ্রামের ঝনু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মায়ের সাথে খালার বাড়িতে খাবার খেয়ে রাত সাড়ে ১০টার দিকে আবির একাই ভাড়া বাসায় ফিরে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে সে ঘুমিয়ে পড়ে। বুধবার বেলা ১১টার দিকে তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা দরজা ধাক্কা দিলে তা খুলে যায়। এ সময় ঘরের আড়ার সাথে কম্বল ছেঁড়া রশিতে তার লাশ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নেত্রকোনা থানার এসআই মাজহার বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নেত্রকোনা প্রতিনিধি।

নড়াইলে অপরাধ প্রতিরোধে পুলিশিং সভা
নড়াইলে চুরি, ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিয়ে ও পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নড়াইল সদর থানার আয়োজনে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। এ সময় পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সামাজিকভাবে সবাইকে সচেতন হয়ে চুরি-ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিয়ে ও পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি রাসেল সরোয়ার, পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু, বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ, যুবদল নেতা শিহাবুর রহমান শিহাবসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।নড়াইল প্রতিনিধি।

বড়লেখায় বিষ প্রয়োগে মাছ নিধন
মৌলভীবাজারের বড়লেখায় মাধব গাঙ্গের ছড়ায় কীটনাশকজাতীয় রাসায়নিক প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী মারা যাওয়ার পাশাপাশি হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগের পর বৃহস্পতিবার সরেজমিন মাধব ছড়ায় পানিতে বেশ কিছু মরা মাছ ভেসে থাকতে দেখা যায়। এ ঘটনায় প্রতিকার ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ১২ জন বাসিন্দা। অভিযোগপত্রে বলা হয়, ৯ সেপ্টেম্বর কয়েকজন ব্যক্তি ছড়ার পানিতে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করে মাছ শিকার করেন। এতে পুটি, টেংরা, বোয়ালসহ বিভিন্ন মাছ, পোনা, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী মারা যায় বলে অভিযোগকারীরা দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন, তদন্তের জন্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা।

কালিয়াকৈর কলেজের নতুন ভবন
গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত নতুন একতলা ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভবনটি উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মজিবুর রহমান। তিনি জানান, ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি টাকা। এ সময় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, ছাত্রদল নেতাকর্মী এবং কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা।

পোরশায় হাসপাতালে ডেঙ্গু কিট হস্তান্তর
নওগাঁর পোরশায় ডেঙ্গু রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা সহজ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৬টি ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম তার কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামাল উদ্দীনের কাছে এসব কিট তুলে দেন। ইউএনও বলেন, স্থানীয় পর্যায়ে দ্রুত ডেঙ্গু শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দেয়া এসব কিট দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। কিট হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পোরশা (নওগাঁ) সংবাদদাতা।

রাঙ্গুনিয়ায় সাংবাদিকদের সম্মাননা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি নজরুলবর্ষ উপলক্ষে রাঙ্গুনিয়ায় আট সাংবাদিককে সম্মাননা দেয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সম্মেলন কক্ষে দৈনিক আমার দেশ রাঙ্গুনিয়া পাঠক মেলার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠক মেলার সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জামিলা। অনুষ্ঠানে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা বক্তব্য দেন। সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন মোহাম্মদ আলী, পান্থ নিবাস বড়ুয়া, মোহাম্মদ ইলিয়াস তালুকদার, আকাশ আহমদ, নুরুল আবছার চৌধুরী, শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন ও জগলুল হুদা। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।

বিএনপি নেতাকে মারধরের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিকের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে কালিরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে দাবি করেন খলিলুর রহমান। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বেতমোর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে বিভিন্ন ব্যানার ও পোস্টার টানানো হয়। তার অভিযোগ, খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকের নেতৃত্বে কয়েকজন এসব ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেন। বাধা দিলে পুলিশের সামনে তাকে মারধর করা হয়। এতে তিনি ও তার সাথে থাকা একজন আহত হন। অভিযোগ অস্বীকার করে খোকন মল্লিক বলেন, খলিলুরের ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন তারা। স্থানীয় বিরোধের জেরে ঘটনা ঘটতে পারে বলেও দাবি করেন তিনি। ওসি রবিউল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।