বান্দরবানে অগ্নিকাণ্ডে ১৩ দোকান-বসতঘর ভস্মীভূত

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার ভোর ৪টার দিকে চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যে আগুন বাজারের বিভিন্ন দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী, বিজিবি সদস্য ও স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি দোকান ও বসতঘরের মালিকদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হবে।