
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদের নির্বাচিত ভিপিকে হল থেকে পিটিয়ে বের করে দেয়ার হুমকি দিয়েছে এক ছাত্রদল নেতা! এমন অভিযোগ উঠেছে। সোমবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও রেকর্ডে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শেখ নাসিম উদ্দিনকে বলতে শোনা যায়- ‘তোর পাওয়ার গুনে গুনে আর ২৮ দিন আছে, ২৮ দিন পরে তোরে হল থেকে পিটাইয়া বের করব, আমি নাসিম যদি এই হলে থাকি।’
ক্যাম্পাস সূত্র জানিয়েছে, সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর হল ছাত্র সংসদের ভিপি রিপুল চাকমাকে এমন হুমকি দেয়া হয়। এ সময় ঘটনাস্থলে হলের এক আবাসিক শিক্ষকও উপস্থিত ছিলেন বলে সুত্র জানায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রিপুল চাকমা ও শেখ নাসিম উদ্দিন দুজনই হলের আবাসিক শিক্ষার্থী। সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে এক তরুণ ব্যাগ নিয়ে হলে আসেন। রিপুল চাকমা ওই তরুণের কাছে পরিচয় জানতে চান। তখন ওই তরুণ বলেন, তিনি হলের ৩১৩ নম্বর কক্ষে উঠেছেন। তখন অবৈধভাবে হলে শিক্ষার্থী তোলা হচ্ছে অভিযোগ এনে বিষয়টি হলের সিনিয়র হাউজ টিউটর নূরে আলমের কাছে অভিযোগ করেন ভিপি রিপুল চাকমা। এরপর শিক্ষক নূরে আলম রিপুল চাকমাসহ কয়েকজন আবাসিক শিক্ষার্থীকে সাথে নিয়ে কক্ষটি পরিদর্শনে যান। ৩১৩ নম্বর কক্ষটিতে থাকেন অডিও ছড়িয়ে পড়া ছাত্রদল নেতা শেখ নাসিম উদ্দিন। হলের সিনিয়র হাউজ টিউটর কক্ষটিতে নতুন করে কাউকে তোলা হয়েছে কি না, জানতে চাইলে রিপুল চাকমার ওপর ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন শেখ নাসিম উদ্দিন। একপর্যায়ে রিপুল চাকমাকে হল থেকে পিটিয়ে বের করার হুমকি দেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্য এবং চাকসু নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অতীশ দীপঙ্কর হলের প্রাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন বলেন, হলের আবাসিক শিক্ষক ও সহকারী প্রক্টর সেখানে ছিলেন। তারা বিষয়টি মীমাংসা করেছেন। এটি দু’টি পক্ষের ভুল-বোঝাবুঝির ঘটনা। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।







