ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটেই অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার

মো: রেজোয়ান ইসলাম ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথেই সরকারি অনুমোদন ছাড়াই চলছে ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই গত ১১ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে নানা জল্পনা কল্পনা ও উদ্বেগ।
সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের পাশে বহুতল ভবনে সাইনবোর্ড টাঙিয়ে চালু করা হয়েছে ডায়াগনস্টিক সেন্টারটি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মমিনুর রহমানের সাথে কথা হলে তিনি অনুমোদনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বরং প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার সহযোগিতার কথা জানান তিনি। তার দাবি, কর্মীদের বেতনসহ বিভিন্ন ব্যয় বহন করতে ওই নেতার শরণাপন্ন হয়েছেন এবং তিনি প্রতিষ্ঠান পরিচালনার জন্য মৌখিক অনুমতি দিয়েছেন। তবে এ বিষয়ে কোনো লিখিত অনুমোদন পাননি এখনো। এদিকে সরকারি হাসপাতালের প্রবেশপথে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। 
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: আবু হেনা মোস্তফা কামাল বলেন, উদ্বোধন ও বৈধতা এক বিষয় নয়। স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া কোনো ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার সুযোগ নেই। ডিমলা উপজেলায় ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ নামে কোনো প্রতিষ্ঠানকে ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হয়নি।
নীলফামারীর সিভিল সার্জন ডা: মো: আব্দুর রাজ্জাক বলেন, বৈধ লাইসেন্স বা স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়া কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালানোর সুযোগ নেই। বিষয়টি যাচাই করে তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে প্রতিষ্ঠানটির বৈধতা যাচাই এবং অনুমোদন না থাকলে কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।