
নাজমুস সাকিব ইবি
বাংলাদেশ সরকারের ঘোষিত দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি উপলক্ষে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্য সচিব রাফিজ আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রোভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সাথে এডিস মশার প্রজননস্থল হতে পারে এমন স্থান পরিষ্কার ও মশা নিধন করা হয়। ছাত্রদলের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, যেকোনো বিপর্যয়ের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হলে এর ক্ষতি থেকে নিজেদের ও পরিবেশকে রক্ষা করা সম্ভব। তিনি বলেন, ক্যাম্পাসে মশা নিধনে এরই মধ্যে ফগার মেশিন চালু করা হয়েছে। সেই সাথে আবাসিক হল, বিভাগ ও অফিসেও যাতে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে দিকে সবাইকে সচেতন থাকতে হবে।







