
এইচ এম গোলাম কিবরিয়া রাকিব ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গোমতী নদীর জেগে ওঠা চর ও সমতল জমিতে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মৌসুমের শুরুতে বাজারে নতুন সবজির চাহিদা ও দাম তুলনামূলক ভালো থাকায় বাড়তি লাভের আশায় আগাম চাষে ঝুঁকছেন তারা। উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এরই মধ্যে শুরু হয়েছে এ চাষ।
সরেজমিন উপজেলার গোমতীর চর ও বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও জমি প্রস্তুত করছেন কৃষকেরা, কোথাও চলছে চারা রোপণ। আবার কেউ আগে লাগানো সবজির পরিচর্যায় ব্যস্ত। বিস্তীর্ণ চরে এখন দেখা যাচ্ছে লাল-সবুজের সমারোহ।
কৃষকেরা লালশাক, মুলা, ফুলকপি, বাঁধাকপি, ঢেড়শ, মাইলা, পুঁইশাক, টমেটো, লাউ ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজি চাষ করছেন। এরই মধ্যে কেউ কেউ আগাম সবজি বাজারে তুলতে শুরু করেছেন। মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। সার, বীজ, কীটনাশক ও সেচের পাশাপাশি শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আগের তুলনায় উৎপাদন ব্যয় বেড়েছে।
কৃষক নূর মোহাম্মদ বলেন, সার, বীজ ও কীটনাশকের দাম বেড়েছে। শ্রমিকের মজুরিও বেশি। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হচ্ছে না। এ কারণে তিনি এবার কম জমিতে চাষ করছেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল মতিন বলেন, এ বছর উপজেলায় আগাম সবজি চাষে কৃষকদের আগ্রহ রয়েছে। কৃষি অফিস থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে। সুষম সার ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে ন্যায্যমূল্য পাওয়া গেলে আগাম সবজি চাষ থেকে তারা লাভবান হবেন।







