
রাজশাহী ব্যুরো
ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা চেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এডিস মশার বংশবিস্তার রোধে সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
গত মঙ্গলবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। রাসিক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষজ্ঞ চিকিৎসক, কীটতত্ত্ববিদ, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবনসহ আশপাশে পানি জমছে কি না, নিয়মিত পরীক্ষা করতে হবে। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি অপসারণের পরামর্শ দেয়া হয়।







