An anti-drug rally was held in Damurhuda.
মাদকবিরোধী সমাবেশে উপস্থিত জনতার একাংশ ছবি: নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর চায়ের দোকান মোড়ে স্হানীয় যুব সমাজ মাদক নির্মূল কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদক নির্মূল কমিটির প্রতিনিধি গোলাম সরোয়ার ছোটন ও ফারুক হোসাইন বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। 

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, গোটা চুয়াডাঙ্গা মাদকমুক্ত করতে জেলা পুলিশ নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে। মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরো জোরদার করা, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদক কারবারীদের সামাজিকভাবে প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এক মাদককারবারি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তিনি ভবিষ্যতে মাদক কারবার থেকে সম্পূর্ণ বিরত থেকে সৎ ও স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। আত্মসমর্পণকারীকে ফুল দিয়ে বরণ করে মাদকমুক্ত জীবনযাপন ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শপথ গ্রহণ করানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ও হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন।

সমাবেশে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।