
চট্টগ্রামের জেলার ফটিকছড়ি উপজেলার কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযানে দশটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ কয়লারমুখ বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৫/২ আরবি হতে আনুমানিক একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরুগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, কয়লারমুখ বিওপির টহলদল সীমান্তবর্তী বদ্ধোগেড়ামারা নামক স্থানে ফাঁদ পাতে। পরে টহলদল ভারত হতে তিনজন চোরাকারবারীকে দশটি গরুসহ বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়। এ সময় টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা গরুগুলো রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল ঘটনাস্থল হতে গরুগুলো জব্দ করে।
৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল-ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকাণ্ড ও চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি সার্বক্ষণিক সীমান্তে কাজ করছে। চোরাচালান, মাদক, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানাচ্ছি।







