হামলা
আশুগঞ্জে রুমিন ফারহানার অনুষ্ঠান নিয়ে বিএনপির আপত্তি, হামলা ছবি: নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিএনপির আপত্তিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে অডিটোরিয়ামে খোঁজ নিতে গেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন আয়োজকদের পক্ষের লোকজন। এতে রুমিন ফারহানার কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের ‘ভাষাসৈনিক অলি আহাদ সম্মাননা স্মারক’ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়েছে।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহজাহান বলেন, ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’ স্থানীয় আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছে এবং এর সাথে সংশ্লিষ্ট আয়োজক শফিকুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এ অবস্থায় সরকারি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাদের অনুষ্ঠানের অনুমতি দেয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। 

সম্প্রতি সংসদে রুমিন ফারহানার দেয়া বক্তব্য নিয়েও বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই প্রশাসনের প্রতি অনুষ্ঠানটির অনুমতি না দেয়ার আহ্বান জানানো হয়েছে।

হামলার অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এ বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে ইউএনওর সাথে মতবিনিময় চলছিল। এ সময় বাবুল ও রাসেল বিপ্লব নামে দুজন ব্যক্তি উপজেলা চত্বরে উপস্থিত হয়ে গালমন্দ শুরু করলে উপস্থিত লোকজনের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে বিএনপির পক্ষ থেকে কোনো অতর্কিত হামলা চালানো হয়নি বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে গত ১২ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। ওই কর্মসূচি থেকে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।