
খুলনার কয়রায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা বায়তুলমাল সম্পাদক শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কয়রা সাথী শাখা ও কয়রা থানা উত্তর ছাত্রশিবিরের উদ্যোগে ডি এফ নকশা আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ মদিনাবাদ জামে মসজিদে শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ব্লাড গ্রুপিং ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা: অয়েসকুরুনী।
তিনি শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর আত্মত্যাগ স্মরণ করে বলেন, ‘শহীদের রক্ত কখনো বৃথা যায় না। মানুষের সেবার মাধ্যমেই আমরা তাদের আদর্শকে বাঁচিয়ে রাখতে চাই।’
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
ছাত্রশিবিরের কয়রা সাথী শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উত্তর শাখার সভাপতি মাজহারুল হান্নান হেলান সঞ্চালনা করেন।
এ সময় ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জি এম মোনায়েম বিল্লাহ, আহসানউল্লাহ, ইসমাইল হোসেন রাজু ও জেলা ছাত্রকল্যাণ সম্পাদক মো: সাইফুলসহ স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্যাম্পে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করে বিনামূল্যে জানিয়ে দেয়া হয়। জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিবির এই কর্মসূচির আয়োজন করেছে।







