A welcome ceremony for first-year undergraduate students was held at NSTU.
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ ছবি: নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্বাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। 

নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো: শাহজাহান। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করে বলেন, দীর্ঘদিনের অধ্যবসায়, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে তোমরা এখানে আসার সুযোগ পেয়েছ। বিশ্ববিদ্যালয় তোমাদের শুধু ডিগ্রি প্রদান করবে না, এখানে তোমরা শিখবে কীভাবে ভিন্নমতকে সম্মান জানাতে হয়।

গেস্ট অব অনারের বক্তব্যে মো: শাহজাহান এমপি বলেন, প্রশিক্ষণের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে। ১০০ একরের এ ক্যাম্পাসের পাশাপাশি আরো একশত থেকে দেড়শত একরের ক্যাম্পাস গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নবীন শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নোবিপ্রবিকে আরো সমৃদ্ধ করে তুলবে এটাই আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, এটা মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নোবিপ্রবি প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক মো: হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মহিনুজ্জামান, আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর, জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।