কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাডভোকেট শিশির মনির
কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাডভোকেট শিশির মনির ছবি: নয়া দিগন্ত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘একাত্তরে যারা যুদ্ধ করেছিলেন, তাদের স্বপ্ন ছিল একটি স্বাধীন ও সমৃদ্ধ দেশ। তারা চেয়েছিলেন, দেশ সুন্দর হবে, মানুষ শিক্ষিত হবে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা অস্ত্র হাতে নিয়েছিলেন তাদের প্রত্যাশা ছিল পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন-সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করা। আজ সেই প্রজন্মের অনেকেই প্রশ্ন করছেন, কেন যুদ্ধ করলাম, আর কী পেলাম?’

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের একটি পার্টি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখা আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিশির মনির বলেন, ‘সিলেট অঞ্চল অত্যন্ত উর্বর। এ অঞ্চল থেকে অনেক গুণী ও বিখ্যাত মানুষের জন্ম হয়েছে। তরুণদের জীবনকে গভীরভাবে চিন্তা করে মানুষের কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নিতে হবে। শুধু অর্থ-সম্পদ অর্জনের পেছনে না ছুটে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। কারণ অর্থবিত্ত থাকলেই জীবনে শান্তি আসে না।’

তিনি বলেন, ‘একটি পরিবারে প্রতিবন্ধী সন্তান বা মাদকাসক্ত সন্তান থাকলে সেই পরিবার ভেঙে যেতে পারে। তাই তরুণ প্রজন্মকে অর্থের পেছনে না ছুটে মানবিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’

সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আদিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আহবাব হোসেন মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন। বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে ছয়টি উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। পরে সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরমা সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।