
বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমরা যদি একতাবদ্ধ না থাকি, আমাদের সফলতা আসবে না।’
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত পৌর অডিটোরিয়ামে দলীয় মতবিনিময় সভায় তিনি এই সব কথা বলেন।
তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন।
উপজেলা থেকে তৃণমূল পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমি আজই দলের উচ্চপর্যায়ে কথা বলব এবং সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ করব। আশা করি দলে শৃঙ্খলা ফিরে আসবে এবং সবাই একতাবদ্ধ থাকলে সফলতা আমাদের আসবেই।’
মন্ত্রী আরো বলেন, ‘আমাদের বিএনপি সরকার একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দিতে চেষ্টা করছে। সে লক্ষে দলসহ সরকারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের সরকারের মাত্র ৬ মাস গিয়েছে। আগামী ৬ মাসে আরো অনেক উন্নয়ন আপনারা উপহার পাবেন। শুধু আমাদের সমর্থন দিয়ে যান এবং সহযোগিতা করুন।’
আমি আবারো আপনাদের সাথে তৃণমূলে আসব এবং বসব, আপনাদের কথা শুনব, সকল সমস্যার সমাধান করব।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘প্রশাসনিকভাবে ঘোষণা করার আগ পর্যন্ত সোনাগাজীতে এখনো কোনো বৈধ বালুমহাল নেই। যাদের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ আসছে তারা বলছেন, তারা অন্য জায়গা থেকে বালু সরবরাহ করে নিয়ে এসে এখানে স্তূপ করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
মুসাপুর রেগুলেটরের প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প আগামী একনেক সভায় উত্থাপিত হচ্ছে। আশা করছি, সোনাগাজীর নদীভাঙন এবং মুসাপুর রেগুলেটরের ক্ষতির প্রভাব থেকে সোনাগাজী, দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসী মুক্তি পাবে।
সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
আরো বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল হক শিমুল, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী, সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান ছাত্রনেতা জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, বগাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ পারভেজ, চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
মতবিনিময় সভায় সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতৃত্বে থাকা নেতারা উপস্থিত ছিলেন।
তাদের দাবি, দলকে সুসংগঠিত করতে হলে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে হবে এবং দলীয় শৃঙ্খলা ফিরিয়ে এনে সরকারের উন্নয়নের কথা মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।







