
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় নিজ ঘর থেকে সজিব নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
সজিব বালিজুড়ী বাজারের ফল ব্যবসায়ী ভুট্টুর বড় ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে স্বজনরা তাকে নিজ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে বিয়ের জন্য পাশের ভেলামারী এলাকায় পাত্রী দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সজিব। এরপর থেকে তার আচরণে পরিবর্তন দেখা দেয়। মাঝেমধ্যে পরিচিত লোকজনকেও চিনতে পারতেন না বলে পরিবারের সদস্যরা জানান।
সজিবের চাচা আলমগীর হোসাইন বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই সজিবের মাথায় সমস্যা দেখা দেয়। প্রায় দুই বছর ধরে সে এ সমস্যায় ভুগছিল। মাঝেমধ্যে এলাকার পরিচিত লোকজনকেও চিনতে পারত না। বুধবার হঠাৎ তার মৃত্যুর খবর পাই।’
সজিবের জেঠু জাহিনুর বলেন, ‘সজিব আমার ভাতিজা। সে ভালো ছাত্র ছিল। বালিজুড়ী বাজারে আমাদের একটি ফলের দোকানও রয়েছে। প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকেই তার আচরণে পরিবর্তন দেখা দেয়। তার এমন মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।’
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।







