
সিলেট নগরীর একটি সুইমিংপুলে দীপাঞ্জন ঘোষ (২১) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর চৌকিদেখীস্থ ব্রিটানিয়া সুইমিংপুলে তার মৃত্যু হয়।
নিহত দীপাঞ্জন ঘোষ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনকান্দি গ্রামের কৃষ্ণাঘোষের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ বুধবার বিকেল ৫টার দিকে নগরীর চৌকিদেখীস্থ ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে যান। একপর্যায়ে সাড়ে ৫টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নগরীর দরগাগেইটস্থ নুরজাহান হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বুধবার রাত ৯টার দিকে এর সত্যতা নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম দৈনিক নয়া দিগন্তকে জানান, নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।







