
চুয়াডাঙ্গার জীবননগরে বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে আসিফসহ (২২) তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহরণ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দত্তনগর থেকে ছেড়ে আসা জীবননগরগামী ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান যাত্রী আহরণ।
দুর্ঘটনায় নিহতের ছেলে আসিফসহ ইজিবাইকের তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আসিফের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। আহত অন্য দুই রোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।







