ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছবি: নয়া দিগন্ত

লাইসেন্স নবায়ন না করে পশুখাদ্য উৎপাদন করার দায়ে পাবনার ঈশ্বরদীতে দু’টি ফিড মিলকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান সরকার।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দু’টি হলো— ঈশ্বরদী ফিড মিল ও মল্লিক ফিড মিল। এর মধ্যে ঈশ্বরদী ফিড মিলের মালিক মো: নুরুল ইসলাম খানকে ২০ হাজার টাকা ও মল্লিক ফিড মিলের মালিক মো: আসলাম মল্লিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান সরকার জানান, নির্ধারিত সময় পার হওয়ার পরও লাইসেন্স নবায়ন না করে পশুখাদ্য উৎপাদন করায় মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোসা: আকলিমা খাতুন, ভেটেরিনারি সার্জন মো: ফারুক হোসেন ও ঈশ্বরদী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।