প্রশাসক
বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রাসিক প্রশাসকের ছবি: নয়া দিগন্ত

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীর তীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন।

এ সময় বন্যাদুর্গত মানুষের সাথে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাসিক প্রশাসক।

খাদ্যসামগ্রী বিতরণকালে রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট আমরা উপলব্ধি করছি। সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের পাশে আছে। এই সময়ে কেউ যেন নিজেকে অসহায় মনে না করেন, সে জন্য মানবিক সহায়তা নিয়ে আমরা পাশে আছি এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘বন্যাকবলিত প্রতিটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে। নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।’

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুনসহ অন্যান্য কর্মকর্তা এবং রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, মহানগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।