
সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বন্যাদুর্গত দেড় হাজারের অধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১-এর উদ্যোগে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়।
বুধবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নে ও বিকেলে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিটি সদস্যের হাতে চাল, ডাল, লবণ, পেঁয়াজ, তেল, আলু ও চিরা-মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫বি-১-এর জেলা গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন রফিকুল বারী মুক্তা, কেবিনেট ট্রেজারার মাকসুদা মাহমুদ মিলা, অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান লায়ন হাবিবুর রহমান, ত্রাণ কমিটির
অ্যাডভাইজার লায়ন হারুন-আল রশীদ দিপু ও বেলাল আহমদ, ত্রাণ কমিটির চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, কো-চেয়ারম্যান লায়ন আমিন উদ্দিন আহমেদ।
সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন সামসুল আলম খান সাজু, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন মাসুম আহমেদ, লায়ন মাহবুব সোহেল, লায়ন অ্যাডভোকেট গংগেশ দাস, লায়ন সাজুয়ান আহমেদ, লায়ন আব্দুল্লাহ আল মামুন সামন, লায়ন কাজী আব্দুল মুকিত প্রমুখ।
আয়োজকরা জানান, বন্যাকবলিত মানুষের কষ্ট দূর করতে লায়ন্স ক্লাব অব জেলা ৩১৫বি-১-এর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গত অঞ্চলেও অনুরূপ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।







