রাষ্ট্রপতি ও রুয়েটের চ্যান্সেলরের সাথে রুয়েট প্রতিনিধিদলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও রুয়েটের চ্যান্সেলরের সাথে রুয়েট প্রতিনিধিদলের সাক্ষাৎ ছবি: নয়া দিগন্ত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ষষ্ঠ সমাবর্তন ২০২৭ সালের জানুয়ারির শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে প্রাথমিক সম্মতি পাওয়া গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও রুয়েটের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সমাবর্তনের বিষয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে সমাবর্তন আয়োজনের বিষয়ে প্রাথমিক সম্মতি পাওয়া গেলেও অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ রাষ্ট্রপতির সময়সূচি অনুযায়ী নির্ধারণ করা হবে। সমাবর্তনের বিস্তারিত কর্মসূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সৌজন্য সাক্ষাৎকালে রুয়েটের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক অ্যাকাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন আয়োজন নিয়েও আলোচনা হয়।

রাষ্ট্রপতি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নেও এসব প্রতিষ্ঠানের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

এছাড়া রুয়েটের শিক্ষা ও গবেষণার মান আরো উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। একইসাথে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিন, রুয়েটের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাদের জিলানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেলসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিববৃন্দ।