
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, বিছনাকান্দি, সোনালীচেলা, পান্থুমাই, দমদমিয়া ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, কসমেটিকস, চকলেট, সুপারি, শনপাপড়ী, বিড়ি ও গরুর গোশতসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, তৈরি পোশাক ও একটি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৪০ হাজার টাকা।
বুধবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।







