
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩০টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় পাঁচজনকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় বাখরাবাদ গ্যাসের এরিয়া বিতরণ কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিজিডিসিএল কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানে আটটি রাইজার উচ্ছেদসহ মোট ৩০টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। এ সময় ১৫টি গ্যাস রেগুলেটর উদ্ধার করা হয়। এছাড়া তিন/চার ইঞ্চি ব্যাসের ৭৩১ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয় এবং প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ নেয়ার দায়ে পাঁচজনকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।







