
গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চের প্রথম পথসভাস্থল গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় বিশেষ টিম।
এ সময় পথসভাস্থলের প্রস্তুতি, সম্ভাব্য জনসমাগম, যানবাহন চলাচল ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় নেতাদের সাথে আলোচনা করেন কেন্দ্রীয় নেতারা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ মোবারক হোসাইনের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভোগড়া বাইপাস মোড় পরিদর্শন করে। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তারা।
মুহাম্মদ মোবারক হোসাইন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল ঘোষিত ছয় দফা দাবির ভিত্তিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু হবে। গাজীপুরের ভোগড়া বাইপাসে লংমার্চের প্রথম পথসভা অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘লংমার্চকে কেন্দ্র করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরে মানুষের মধ্যে সাড়া সৃষ্টি হয়েছে। ভোগড়া বাইপাসে ব্যাপক মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন।’
কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যম, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। প্রশাসনের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলেও জানান।
জামায়াত নেতারা জানান, লংমার্চ সফল করতে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। পথসভাকে কেন্দ্র করে জনসমাগম ও যানবাহন ব্যবস্থাপনা নিয়েও প্রস্তুতি চলছে।
পরিদর্শন টিমে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত।
এ সময় গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির মোহাম্মদ খাইরুল হাসান ও মু. হোসেন আলী, সেক্রেটারি আ স ম ফারুক, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, গাজীপুর সিটি মেয়রপ্রার্থী ড. হাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির নজরুল ইসলাম, মেট্রো সদর থানা আমির ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছাদেকুজ্জামান খানসহ জাতীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।







