
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। অনুমোদিত ২১৩টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১০৫ জন। ফলে শূন্য রয়েছে ১০৮টি পদ। প্রয়োজনীয় জনবল না থাকায় হাসপাতালের চিকিৎসাসহ সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবলসংক্রান্ত নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। নথিতে দেখা যায়, প্রথম শ্রেণির (চিকিৎসক) ৪৩টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৬ জন। শূন্য রয়েছে ১৭টি পদ।
দ্বিতীয় শ্রেণির (নার্স) ২৯টি পদের মধ্যে কর্মরত আছেন ১৯ জন এবং শূন্য রয়েছে ১০টি পদ। তৃতীয় শ্রেণির ৯৮টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৫১ জন। এই শ্রেণিতে শূন্য রয়েছে ৪৭টি পদ। আর চতুর্থ শ্রেণির ৪৩টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র নয়জন। এই শ্রেণিতে শূন্য রয়েছে ৩৪টি পদ।
অর্থাৎ চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলিয়ে হাসপাতালের মোট ২১৩টি অনুমোদিত পদের মধ্যে ১০৫টি পদে জনবল রয়েছে। বিপরীতে শূন্য রয়েছে ১০৮টি পদ।
বিশেষ করে চতুর্থ শ্রেণির কর্মচারীর ৩৪টি পদ শূন্য থাকায় হাসপাতালের সহায়ক কার্যক্রমেও জনবল ঘাটতি রয়েছে। একইভাবে চিকিৎসকের ১৭টি ও নার্সের ১০টি পদ শূন্য থাকায় বিদ্যমান জনবলের ওপর বাড়তি চাপ পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শাহরাস্তি উপজেলার বিপুলসংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে এখানে আসেন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা পেতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সীমিত জনবল দিয়ে নিয়মিত চিকিৎসাসেবা চালু রাখতে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে এ পরিস্থিতি স্বাস্থ্যসেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবু নাছের শাকিল বলেন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কটের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি। আশা করি খুব শীঘ্রই সঙ্কট কেটে যাবে।
এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা: মোহাম্মদ নুর আলম দীন বলেন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কট দীর্ঘদিন থেকেই। জনবল সঙ্কটের বিষয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ দিলেই এ সঙ্কট কেটে যাবে।
স্থানীয়দের দাবি, রোগীদের দুর্ভোগ কমাতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য থাকা ১০৮টি পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। পাশাপাশি হাসপাতালের রোগীর চাপ ও সেবার পরিধি বিবেচনায় প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।







