আহত
মঠবাড়িয়া উপজেলা বিএনপি নেতা আহত খলিলুর রহমানকে হাসপাতালে নয়ো হচ্ছে ছবি: নয়া দিগন্ত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিকের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালিরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।

খলিলুর রহমান বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বেতমোর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন দুলালের ছবি সংবলিত ব্যানার ও পোস্টার টাঙানো হয়।’

তার দাবি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকের নেতৃত্বে জিল্লুর নাজীর, আমীর মল্লিকসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন ওই পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন। তিনি এতে বাধা দিতে গেলে পুলিশের সামনে তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় তিনি ও তার সাথে থাকা একজন আহত হয়েছেন বলে জানান খলিলুর রহমান।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক চা-দোকানি বলেন, ‘হঠাৎ কয়েকজন ব্যক্তি খলিলুর রহমানকে মারধর শুরু করেন। আত্মরক্ষার জন্য তিনি দোকানের ভেতরে উঠে গেলে সেখানেও তাকে মারধর করা হয়।’ 

এ সময় তার দোকানেও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন ওই দোকানি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক বলেন, ‘তার ওপর হামলার খবর শুনে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদল ভাইসহ আমরা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করি। তবে শুধু একজন ব্যক্তি অভিযোগ করলেই সেটি সত্য প্রমাণিত হয় না। আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি, তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে আলোচনা রয়েছে।’

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।