
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে লিজকৃত জমিতে রাতের আঁধারে সীমানা প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। একই সাথে অভিযুক্ত মাহবুবুর রহমান বোরহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, অবৈধ নির্মাণকাজ বন্ধ এবং বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের ডিসির ব্রিজ সংলগ্ন বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে যথাযথভাবে লিজকৃত ১২-ভি.পি.-০২/৮৬-৮৭ নম্বরের জমিটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শান্তিপূর্ণ দখলে রয়েছে। জমিটি শিক্ষার্থীদের খেলাধুলাসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে।
তাদের অভিযোগ, স্থানীয় মাহবুবুর রহমান বোরহান বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই রাতের আঁধারে ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। এতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের লিজকৃত জমি বেদখল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের স্বার্থ এবং বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করা প্রয়োজন। একই সাথে অবৈধ নির্মাণকাজ বন্ধ করে লিজকৃত জমি বিদ্যালয়ের দখলে ফিরিয়ে দেয়ার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার।
এ সময় সহকারী শিক্ষক তাসলিমা খানম, নাছিমা খানম, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, জিল্লুর রহমান, ছিরাতুন নাহার, শাহিদা বেগম, মাহবুবুর রহমান, সুশান্ত বাড়ৈ, সালাউদ্দিন আহমদ, আওলাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







