
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নূর জাহান নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নূর জাহান কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জের মৌছাগাছা এলাকায় বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নূরের সহপাঠী আফরিন সুলতানা বলেন, ‘নূর জাহান আপুর অল্প বয়সে মৃত্যুর খবর শুনে আমরা মর্মাহত। আল্লাহ তাকে মাফ করুন।’
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: মশিউর রহমান ভূঞা বলেন, ‘আমার ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করত। সে অনেক সৃজনশীল ছিল।’







