
সিলেট বিভাগে ডেঙ্গু সংক্রমণের পাশাপাশি ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
একই সময়ে নতুন করে নয়জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০১ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৬০ বছর বয়সী ছলিমা বেগম মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা।
এদিকে নতুন শনাক্ত নয়জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন ও হবিগঞ্জ সদর হাসপাতালে চারজন ভর্তি রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ছয়জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন ও মৌলভীবাজার সদর হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩০১ জনের। এর মধ্যে সিলেটের ৬০ জন, সুনামগঞ্জের ৬৭ জন, হবিগঞ্জের ১০১ জন ও মৌলভীবাজারের ২৯ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১১ জন রয়েছেন।
উল্লেখ্য, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফিয়া খানম (৫৪) নামে এক নারী।







