নিহত
এ ঘটনায় নিরাপত্তা প্রহরী জামিল হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ছবি: নয়া দিগন্ত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর আইয়ুব হোসেন (৪০) নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁচপুর এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের পাশে একটি পরিত্যক্ত ঝোঁপ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙাড়ি ব্যবসার সাথে জড়িত ছিলেন। এ ঘটনায় নিরাপত্তা প্রহরী জামিল হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে কাঁচপুর ‘জালালাবাদ ওষুধ কোম্পানি’র পেছনের ওই ব্যবসায়ীর ভাঙাড়ি গোডাউনের পাশে ডোবায় একটি বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে সোনারগাঁও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ খুললে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের লাশ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মহম্মদ আবদুল বারিক। তিনি বলেন, নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত একদিন যাবত নিখোঁজ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, নিখোঁজের বিষয়টি আমাদের জানা নেই। থানায় কেউ নিখোঁজের বিষয় অবগত করেনি। এ ঘটনায় এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, প্রকৃত ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।