নির্বাচন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচনে জয়ী মো: সরোয়ার হোসেন খোকন ও মো: সোবহান মোল্লা ছবি: নয়া দিগন্ত

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মো: সরোয়ার হোসেন খোকন ও মো: সোবহান মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। 

দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ এ ট্রেড ইউনিয়নের নির্বাচনে দুটি পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। এক পরিষদের সভাপতি প্রার্থী ছিলেন সরোয়ার ও সাধারণ সম্পাদক সোবহান। অপর পরিষদের সভাপতি ছিলেন মো: জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টু।

সকালে ভোটগ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রে কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে ৭৭১ জন ভোটার তাদের ভোট দেন। ভোটারদের উপস্থিতিতে কেন্দ্র ও আশপাশের এলাকা সরগরম হয়ে ওঠে। নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেয়া হয় প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তাব্যবস্থা।

নির্বাচন শেষে প্রকাশিত প্রাথমিক ফলাফলে সভাপতি পদে আনারস প্রতীকের সরোয়ার ও সাধারণ সম্পাদক পদে দোয়াতকলম প্রতীকের সোবহান নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয় থেকে বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত ২৫ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মো: জুলফিকার আলী বলেন, ‘দীর্ঘদিন নির্বাচন বন্ধ থাকার পর আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা হয়েছে। সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করেই নির্বাচন সম্পন্ন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছর যারা দেশ শাসন করেছে, সেই আওয়ামী লীগ সরকার ব্যালটে বিশ্বাস করত না। তারা ম্যান চয়েজ করে রাতের আঁধারে ভোট করে দিত। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা করেছি।’

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক ফলাফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কর্মচারীদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচিত নেতৃত্ব কর্মচারীদের অধিকার, কল্যাণ ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন ভোটাররা।